পুঠিয়ায় পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা:   ১০ এপ্রিল ২০২৬, রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুকুরে পড়ে পার্থ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাট এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পার্থ উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা সুজন কুমার দাস ও স্মৃতি রানী দাসের সন্তান। পরিবারটি রাজার বাগানপাড়া এলাকায়, শিশু পার্ক সংলগ্ন স্থানে বসবাস করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ সমবয়সী শিশুদের সঙ্গে শেখ রাসেল পার্ক এলাকার পুকুরঘাটে খেলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে তার মা তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে জানানো হলে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাতভর তল্লাশি অভিযান চালায়।

দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ভোরে রানীঘাট এলাকার পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *