রাজশাহী সংবাদদাতা: রাজশাহী, ৯ এপ্রিল ২০২৬: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭ শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন রোগী। তবে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।
ডা. শঙ্কর কে. বিশ্বাস আরও জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। এখন পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের অধিকাংশই জ্বর, ফুসকুড়ি, সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। চিকিৎসকরা পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের সংক্রমণ রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকা প্রদান এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।
