রাজশাহী সংবাদতাদা: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তর হয়েছে এবং তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মিনু অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ওই বাহিনীর সদস্যরা ভিন্ন রূপে সক্রিয় হয়েছে এবং বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। আমাদের অঙ্গীকার—সবার আগে বাংলাদেশ। আমরা প্রভুত্বে নয়, বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের প্রধান শক্তি।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়; এটি কর্মীদের দল এবং কর্মীরাই দলের মূল শক্তি।
ভূমি মন্ত্রণালয়ের খাস জমির বিষয়ে তিনি বলেন, “চাইলেই খাস জমি দখল করে অফিস করা যেত, কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী অফিস নির্মাণ করব।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে হবে এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
