চারঘাটে কালুহাটি-বাগমারী সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর চারঘাট উপজেলায় কালুহাটি থেকে বাগমারী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ।

উদ্বোধন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকা সড়কটি সংস্কারের উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। কাঁচা ও ভাঙাচোরা রাস্তার কারণে যানবাহন চলাচল ব্যাহত হতো এবং কৃষিপণ্য পরিবহনে দেখা দিত নানা প্রতিবন্ধকতা।

স্থানীয় কৃষকরা জানান, রাস্তার দুরবস্থার কারণে তাদের অনেক সময় বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হতো। বর্ষায় পানি জমে যাওয়ায় ফসল আনা-নেওয়া আরও কঠিন হয়ে পড়ত।

এদিকে সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৭৮৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে চারঘাট উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মমিনুল হক, নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *