জয়নাল আবেদিন জয়: আজ জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব হোসেনের জন্মদিন। ক্লাসিকাল, সেমি-ক্লাসিকাল ও ফিউশন সংগীতে দক্ষ এই শিল্পী বাংলাদেশের সংগীতাঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত নাম। ছোটবেলা থেকেই সংগীতচর্চায় আত্মনিবেদিত গৌরব হোসেন ২০০৩ সালে জাতীয় শিশু শিল্পী পুরস্কার প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-তে প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরস্কারে ভূষিত হন। সে বছর তিনি তৎকালীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
এছাড়াও তিনি শিল্পকলা পুরস্কার, সারোয়ার জাহান স্মৃতি সংসদ সম্মাননা, পদ্ম কুঁড়ির মেলা, ফুল কুঁড়ি এবং জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ-২০০৮’-এর সেরা ১৫-তে স্থান করে নেন। পরবর্তীতে প্রখ্যাত সংগীত পরিচালক ও শিল্পী লাকি আকন্দ, ইমন সাহা, বাপ্পা মজুমদার, বারী সিদ্দিকী, শফি উদ্দিন শিকদার, বিশ্বজিৎ রায় ও উজ্জ্বল সিনহার সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।
দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার স্নেহধন্য গৌরব হোসেন সম্প্রতি অস্কারজয়ী সংগীত পরিচালক এ. আর. রহমানের নজরে আসেন এবং তাঁর কাছ থেকে গান করার সুযোগ পান—যা দেশের সংগীতাঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পাশাপাশি কিংবদন্তি শিল্পী হরিহরণের সান্নিধ্য লাভ করেন এবং প্রখ্যাত ওস্তাদ রশিদ খানের কাছে প্রায় ছয় মাস নিয়মিত যাতায়াত করে সংগীত শিক্ষা গ্রহণ করেন।
শুধু একজন দক্ষ শিল্পী হিসেবেই নয়, একজন মানবিক মানুষ হিসেবেও গৌরব হোসেন পরিচিত। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদ্রাসার এতিম শিশুদের সহায়তায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে। ব্যক্তিজীবনে তিনি জন্মদিনটি মায়ের সঙ্গে কাটাতে পছন্দ করেন। তাঁর বাবা সংগীতশিল্পী হিসেবে তার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং পাশাপাশি তাকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জনে সহায়তা করেন।
আজকের জন্মদিন উপলক্ষে গৌরব হোসেন তার ভক্ত-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই দিনে তার প্রতি রইলো অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা।
