ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

ডেইলি বিডি24.কম অনলাইন ডেস্ক: ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সরকার একে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। সরকারি এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়, যা আলজাজিরা শনিবারের প্রতিবেদনে নিশ্চিত করেছে।

সরকারের দাবিতে বলা হয়, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এগুলোকে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে কারাকাস তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নিতেই এসব হামলা চালানো হয়েছে। তবে এই উদ্দেশ্য সফল হবে না বলে হুঁশিয়ারি দেয় মাদুরো সরকার।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের ভাষ্য, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও ছিল।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছে সিবিএস।

এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এখনো পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


তথ্যসূত্র: দৈনিক সংগ্রাম, ০৩ জানুয়ারি ২০২৬

https://dailysangram.com/international/Zus6edGgNcyX/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *