চারঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পিটিয়ে আহতের অভিযোগ

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর চারঘাট উপজেলা-এ সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক শাহিনুর রহমান সুজন, যিনি একটি জাতীয় দৈনিকের চারঘাট প্রতিনিধি। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীর নেতৃত্বে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি চারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভায়ালক্ষীপুর এলাকার একটি মাদ্রাসার জমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিষয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেন ওই সাংবাদিক। এর পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।

ঘটনার দিন বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি এক্সকাভেটর মেশিন অকেজো করেন। তবে অভিযানের পর সন্ধ্যায় সাংবাদিককে ফোনে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিক সুজন দাবি করেন, সংবাদ প্রকাশের কারণে তাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমি এখনো প্রাণনাশের হুমকি পাচ্ছি। আমার পরিবারও নিরাপত্তাহীনতায় রয়েছে।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং তিনি এটি সমর্থন করেন না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *