নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে

ডেইলি বিডি24.কম অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় সমন্বিত সেল গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনের সময়, বিশেষ করে ভোটের রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এজন্য আমাদের দিন-রাত কাজ করতে হবে। এআইয়ের অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। নির্বাচনে এর অপব্যবহার রোধ করতে চাই আমরা।
সিইসি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করা হবে। তার আগে আপনাদের (বিশেষজ্ঞদের) মতামত জরুরি। নির্বাচনের সময় অনেক কিছু রাতারাতি ঘটতে পারে- বিশেষ করে রাতের বেলায় এআইয়ের অপব্যবহারের ঝুঁকি বেশি। তাই আমাদের সার্বক্ষণিকভাবে কাজ করতে হবে।
কী ধরনের জনবল এই কাজে নিয়োজিত করা যাবে, ডিসইনফরমেশন কোথা থেকে আসতে পারে এবং কীভাবে দ্রুত তা শনাক্ত করে প্রতিক্রিয়া জানানো সম্ভব- এসব বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন বলেও জানান সিইসি।


তথ্যসূত্র: দেশসংবাদ, 21 October, 2025 at 12:12 PM

https://www.deshsangbad.com/news/133186

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *