দুর্গাপুরে লেপের চাপায় চার মাসের শিশুর মর্মান্তিক মৃত্যুরা

কিবুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ও বেদনাবিধুর ঘটনা। ১নং নওপাড়া ইউনিয়নের শ্যামপুর উত্তরপাড়ার এক সাধারণ পরিবারে বুধবার গভীর রাতে নিভে গেল চার মাস বয়সী শিশু শাকিলের প্রাণ। লেপের নিচে চাপা পড়ে শ্বাসরোধে এই মৃত্যুর ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো গ্রামে; নেমে আসে শোকের ছায়া।

নিহত শিশু শাকিল ওই এলাকার মোঃ শুকুর আলী ও শাকিলার সন্তান। পরিবার সূত্রে জানা যায়—বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাত প্রায় সাড়ে তিনটার দিকে শিশুটির মা ঘুম থেকে জেগে সন্তানের নড়াচড়া না দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন। মানসিক প্রতিবন্ধী হওয়ায় পরিস্থিতি ঠিকমতো বুঝে উঠতে পারেননি তিনি। পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে শিশুটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রতিবেশীরা ধারণা করছেন—গভীর রাতে অসতর্কতার কারণে লেপের নিচে চাপা পড়ে শাকিলের শ্বাসরোধ হয়। চারদিকে কান্নার রোল উঠলেও ফিরে পাওয়া যায়নি শিশুটির কোমল প্রাণ। গ্রামজুড়ে এখনো ভাসছে শোকের দীর্ঘশ্বাস; নিষ্পাপ সেই মুখখানি যেন সবাইকে তাড়া করে ফিরছে।

খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। এ বিষয়ে থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, “বাবা-মা দু’জনেই মানসিক প্রতিবন্ধী এবং মা কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অসতর্কতার কারণেই শিশুটি লেপের নিচে চাপা পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”

একটি অসহায় পরিবারের কোলে ফুটে ওঠা নরম আলোটা এভাবে নিভে যাওয়ায় গভীর ব্যথায় ডুবে আছে পুরো দুর্গাপুর। শিশুটির মৃত্যু প্রশ্ন তুলছে অভাব–বঞ্চনার এই পরিবারগুলোর নিরাপত্তা, সচেতনতা ও সামাজিক সহায়তার বিষয়গুলো নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *