চারঘাট সংবাদদাতা: রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। জীবিকার তাগিদে ট্রেনে পপকর্ন বিক্রি করা ওই দম্পতির সঙ্গে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ন বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পণ্য বিক্রি শেষে রাত প্রায় ১টার দিকে তারা চারঘাট উপজেলার সরদহ রেলস্টেশনে নামেন।
স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে বিস্কুট খাওয়ার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখে। পরে স্ত্রীকে জোরপূর্বক স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
